১৭ মার্চের পর অনলাইন পোর্টালের নিবন্ধন

৪ মার্চ, ২০২০ ১৭:৪৯  
আগামী ১৭ মার্চের পর থেকে নিবন্ধনপত্র পেতে শুরু করবে অনলাইন নিউজ পোর্টালগুলো। বুধবার (৪ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে দেয়া বক্তব্যে এমন কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে কিছু প্রতিষ্ঠিত অনলাইন পোর্টাল আছে। সেগুলোকে বাদ দিয়ে শুধু যাদের তদন্ত রিপোর্ট পেয়েছি, তাদের দিতে চাচ্ছি না। প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রথম ধাপেই রেজিস্ট্রেশন দিতে চাই। তাদের রিপোর্ট যেন দ্রুত আসে, সেজন্য অপেক্ষা করছি। ১৭ মার্চের পর থেকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করবো। তবে নিশ্চিত করে বলতে পারছি না। রেজিস্ট্রেশনের আওতায় আসলে মিডিয়াগুলোতে শৃঙ্খলা আসবে।’ হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন করার জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছিল। সেখানে সাড়ে তিন হাজারের বেশি আবেদন পড়েছে। আইপি টিভিগুলোকেও আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনার কথা বলেছি। এখানে ৫০০-এর বেশি আবেদন পড়েছে। আমরা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। কারণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত প্রতিবেদন আমরা পাইনি। বারবার তাগাদা দেওয়ার পর কিছু সংখ্যক প্রতিবেদন পেয়েছি। একটি সংস্থা থেকে এক হাজারের বেশি, আরেকটি সংস্থা থেকে একশ’র কম প্রতিবেদন পেয়েছি। সুতরাং, একটি সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে তো রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সেজন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’ অনুষ্ঠানে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের ওপরে লেখা ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী।